এস. লিখন (বরিশাল)::
আজ ৫ জানুয়ারি ২০২৬। বরিশালের সাহসী, প্রতিবাদী ও তরুণ সাংবাদিক মাছুদুর রহমান আসলাম-এর শুভ জন্মদিন আজ। এই বিশেষ দিনে জনপ্রিয় নিউজ পোর্টাল বিজলী বার্তা-র পক্ষ থেকে তাঁকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৮৯ সালের ৫ জানুয়ারি বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা ব্যাপটিস্ট মিশন রোডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাছুদুর রহমান আসলাম। ছাত্রজীবন থেকেই সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তাঁকে সাংবাদিকতার পথে এগিয়ে নেয়। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন।
বর্তমানে তিনি রাজধানী ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-র বরিশাল সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটি-এর বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে মানবাধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের কারণে এই সাংবাদিককে একাধিকবার হামলা, হুমকি ও হয়রানিমূলক মামলার মুখোমুখি হতে হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তিনি বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। বর্তমানে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক মানহানি মামলা মোকাবিলা করছেন, যা তাঁর সাহসী ও নির্ভীক সাংবাদিকতারই জ্বলন্ত প্রমাণ।
সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মাছুদুর রহমান আসলাম আজও সত্যের পথে অবিচল থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই তাঁর সাংবাদিক জীবনের মূল লক্ষ্য।
এই শুভ জন্মদিনে বিজলী বার্তা-র পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করা হচ্ছে। আশা করা যায়, তিনি আগামীতেও সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবেন।
শুভ জন্মদিন, সাহসী সাংবাদিক মাছুদুর রহমান আসলাম।