ঝালকাঠি প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেছে নাচনমহল ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়, নাচনমহল ইউনিয়নের গ্রাম এলাকায় একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ইউপি সদস্য মো. জামাল হোসেন (ওয়ার্ড-১) অনুমতি ও নির্ধারিত নিয়ম না মেনে কাজ পরিচালনা করেছেন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কার্যক্রম চালিয়েছেন।
চিঠিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে পূর্বে তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলেও তিনি সন্তোষজনক জবাব প্রদান করেননি। বরং অনিয়মের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়।এ ছাড়াও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল হোসেনের বিরুদ্ধে বিজিডি (ভিজিডি) কার্ড প্রদানের নামে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জামাল হোসেনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ অবস্থায় অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।