নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোনসহ কুখ্যাত ‘মাদক সম্রাট’ মান্না সুমন ও তার স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নগরীতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত কয়েকদিন ধরে বিশেষ নজরদারি ও তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে মোহাম্মদপুর এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই দম্পতির ঘর তল্লাশি করে অন্তত ৫০টি দামী মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটককৃতদের বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, মান্না সুমন স্থানীয়দের কাছে ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে। এর আগে গত ৭ নভেম্বর (শুক্রবার) দুপুরে একই এলাকায় কাউনিয়া থানা পুলিশের এক অভিযানে মান্না সুমনের স্ত্রী শিল্পী বেগমকে আটক করা হয়েছিল। সে সময় তাদের বাসা থেকে ১০২ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ মিলিলিটার দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকাও জব্দ করেছিল পুলিশ।
তৎকালীন অভিযানের সময় মান্না সুমন কৌশলে পালিয়ে গেলেও পরবর্তীতে ২৮ অক্টোবর গভীর রাতে নগরীর চড়কাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। জামিনে বেরিয়ে আসার পর আবারও তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।