নিজস্ব সংবাদদাতা, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অপরাধের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুনের বিরুদ্ধে অপপ্রচার এবং তার নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বরিশালের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ সাব্বির মো. খালিদ এই নোটিশ জারি করেন।
জানা গেছে, গত ২৭ জানুয়ারি অ্যাডভোকেট এনামুল হক দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে নুরুল হক নুরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, নুর নির্বাচনী প্রচারণাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে নিয়মিত মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক আটটার দিকে দশমিনা উপজেলার পাগলা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে নুরের অনুসারীরা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় হাসান মামুনের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হন, যা আচরণবিধিমালার ৬ (ক) ধারার পরিপন্থী।
নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষ থেকে দেওয়া নোটিশে বলা হয়েছে, কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না—তা তাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় দশমিনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তাকে এই লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।