বরিশাল, কাজিরহাট (মোঃ জুনায়েত হোসেন )::
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নে নাসিরহাট খালা মাদ্রাসা সংলগ্ন ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝখানের বড় একটি অংশ ধসে পড়েছে। কংক্রিটের পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। যাতায়াতের বিকল্প কোনো সহজ পথ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুল-মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ এবং রোগীরা।
স্থানীয়রা জানান, এই ব্রিজটি দিয়ে নিয়মিত নাসিরহাট খালা মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। ব্রিজের এই জরাজীর্ণ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত মেরামতের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে পণ্যবাহী যানবাহন তো দূরের কথা, সাধারণ রিকশা বা ভ্যান চালকরাও ঝুঁকি নিয়ে পারাপার হতে ভয় পাচ্ছেন।
বিদ্যানন্দপুর ইউনিয়নের সচেতন মহল ও স্থানীয় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে এই ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কারের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন।