মো. জুনায়েত হোসেন (কাজিরহাট প্রতিনিধি):
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১শে ফেব্রুয়ারি) সকালে লতা ইউনিয়ন ও একতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯ ঘটিকায় কাজিরহাট বাজার সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একতা ডিগ্রি কলেজ মাঠের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে ধীরলয়ে অগ্রসর হন এবং পরম শ্রদ্ধায় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবতা পালন করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লতা ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ২নং লতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহাদুল ইসলাম, সহ-সভাপতি মো. সজিব খান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম হৃদয়। আরও উপস্থিত ছিলেন একতা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হৃদয় আহমেদ সীমান্ত এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক ওয়াসিফসহ ইউনিয়ন ও কলেজের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, ভাষা শহীদদের রক্তে অর্জিত বাংলা ভাষাকে সর্বস্তরে সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। সেই সাথে তারা শহীদদের আর্দশ ধারণ করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার শপথ গ্রহণ করেন। পরিশেষে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।