নলছিটি প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঝালকাঠির নলছিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ‘নলছিটি রিপোর্টার্স ইউনিটি’।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংগঠনের সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় নলছিটি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ বলেন, “স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সংবাদপত্রের মাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।” জাতীয় পর্যায়ের সকল কর্মসূচিতে এ ধরনের অংশগ্রহণ ভবিষ্যতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে বলেও জানান তারা।