বি.এম নাহিদুল ইসলাম, বরিশাল:
বরিশাল জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে নেমেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন-এর সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও ডিপোতে নিয়মিত মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বাজার নিয়ে যেকোনো ধরনের অস্থিরতা রোধে জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনে তদারকি জোরদার করা হয়। অভিযানে মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে: জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে কি না, সরকার নির্ধারিত সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কি না এবং পরিমাপে কোনো কারচুপি করা হচ্ছে কি না।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, তদারকির সময় সাধারণ ভোক্তাদের সাথে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের আচরণও পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো স্টেশনে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এই নজরদারি অব্যাহত থাকবে। কোনো অসাধু চক্র যাতে তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে মোবাইল কোর্টের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
ভোক্তা অধিকার রক্ষায় এবং জ্বালানি খাতের শৃঙ্খলা বজায় রাখতে বরিশাল জেলা প্রশাসনের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও সচেতন মহল। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।